
কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চার লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে টেকনাফের হ্নীলা সীমান্তের শ্মশানঘাট এলাকায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ অভিযান চালায়। এ সময় ইয়াবাগুলো ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল শ্মশানঘাট এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে মিয়ানমার থেকে চারজনকে বস্তা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে তাদের চ্যালেঞ্জ করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা বস্তাগুলো ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়। পরে বস্তাগুলোতে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে চার লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির অধিনায়ক বলেন, ইয়াবা পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।